পূর্বশত্রুতার জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন ভাইসহ সাতজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়ার বেথুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রবিউল ইসলাম (৪৫), ইদ্রিস আলী (৪৫),শাহাদত হোসেন (৪০), সাহেব আলী (৪০), নবাব আলী (৩২), লিটন (৩২) ও সজিব আলী (৩০)।

এদের সবাইকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে নবাব আলী ও রবিউলের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সাহেব, ইদ্রিস ও লিটন সহোদর। তারা বেথুড়ি গ্রামের ফেলু মোল্যার ছেলে।

মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী মো. আবু আহসান এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পলাশ বাড়িয়ার প্রাক্তন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চুন্নু জানান, বেথুড়ি গ্রামের আহাদ মেম্বার ও আতর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিবাদমান জমির গাছ থেকে কলা কাটা নিয়ে দু'জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। আতর স্থানীয় বাবু মেম্বারের সমর্থক।

ওই ঘটনার জেরে আহাদ মেম্বারের লোকজন জোকার মোড় এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকে। হাট থেকে ফেরার পথে বাবু মেম্বারের সমর্থকদের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় । হামলায় সাতজন গুরুতর আহত হয়েছেন।

অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন মোহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান।

কেএইচ