চলন্ত বাসে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা।
বৃহস্পতিবার বেলা দেড়টায় মৌলভীবাজার শহরের কোট রোডস্থ সার্কিট হাউসের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক কলেজছাত্রী অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বখাটেদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহবান জানানো হয়। নাইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রী কলেজ থেকে ইনকোর্স পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। রাজনগর-ফেঞ্চুগঞ্জগামী একটি লোকাল বাসে করে বাড়ি ফেরার সময় তাকে মারধর করা হয়।
রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দোগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে পারভেজ মিয়া ওই ছাত্রীর মাথা ও মুখমণ্ডলে আঘাত করেন বলে ছাত্রীটি অভিযোগ করেছেন।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুন আক্তার পান্নার কাছে ছাড়াও রাজনগর থানায় আরও একটি লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।
কেএইচ





