দিনাজপুরে বিএনপির যৌথ কর্মিসভায় মঞ্চে বসাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এসময় ক্ষুব্ধ নেতাকর্মীরা সম্মেলন মঞ্চ ভাংচুর করে। সংঘর্ষের কারণে তাৎক্ষণিক কর্মিসভা স্থগিত করা হয়।

এ ঘটনায় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। 

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে লোকভবনে জেলা বিএনপির যৌথ কর্মিসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে. জেনা (অব.) মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও প্রধান বক্তা রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

দুপুর সাড়ে ১২ টার দিকে মঞ্চে  প্রধান অতিথি ও বিশেষ অতিথির পাশে বসাকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু গ্রুপ ও সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়  ধাক্কাধাক্কি শুরু হয় ।

এক পর্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেকমন্ত্রী প্রয়াত খুরশিদ জাহান হকের ছেলে শাহরিয়ার আখতার হক ডন গ্রুপ সভাস্থলে আসলে ত্রি-মুখী সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে এ সংঘর্ষ।

সংঘর্ষ শুরুর পর দলের কেন্দ্রীয় নেতারা তাদের থামার অনুরোধ করলেও তা চলতে থাকে। অবস্থা বেগতিক দেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে.জে. (অব.) মাহবুবুর রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ অন্যান্য নেতা দ্রুত সভাস্থল ত্যাগ করে চলে যান।

পরে শাহরিয়ার আখতার হক ডন গ্রুপের নেতা কর্মীরা  জেলা বিএনপির কার্যালয় দখল করে নেয় । বর্তমানে জেলা বিএনপি কার্যালয়ের  সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। 

জাতীয়তাবাতাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফুর রহমান মিন্টু ও সাধারন সম্পাদক মুকুর চৌধুরী দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে । তাই বর্তমান জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে আবার নতুন করে কাউন্সিল দিয়ে কমিটি গঠন করলে বিএনপি আবার নতুন করে উজ্জীবিত হবে ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল জানান, অপ্রীতিকর ঘটনার জন্য কর্মিসভা স্থগিত করা হয়েছে । দুই এক দিনের মধ্যে আবার আলোচনা করে এ সভার তারিখ ঘোষণা করা হবে ।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি খালেকুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছে।

জেআই