ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজ মঙ্গলবার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের আধাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আবু কাউসার নামে একজন নিহত হয়েছেন।
জানা গেছে, জেলার খালিয়াজুরী সদরের আধাউড়া কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম আবু ইসহাকের সমর্থকরা জোর করে ভোটকেন্দ্রের ভেতর প্রবেশের চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। প্রথমে পুলিশ এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম আবু ইসহাকের ভাই কাউসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ভোটকেন্দ্রে গোলযোগের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এম আর





