সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ইমরান ফকির নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার সুলতানপুর গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা খাতুন (১৯) উপজেলার পাঁচপোতা গ্রামের কাওসার আলীর মেয়ে।

কাওসার আলী জানান, দেড় বছর আগে তার মেয়ের সঙ্গে সুলতানপুর গ্রামের হোসেন ফকিরের ছেলে ইমরানের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই যৌতুকের জন্য সাবিনাকে চাপ দিতে থাকে ইমরান। ইমরানকে কয়েক দফা যৌতুকও দেয়া হয়।

কাওসার আলী আরও জানান, শনিবার আরও যৌতুকের জন্য সাবিনাকে মারধর করে তার স্বামী ও শ্বশুর। এক পর্যায়ে মারধরে সাবিনার মৃত্যু হলে মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে তার শ্বশুড়বাড়ির লোকজন। সকালে গিয়ে মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন কাওসার।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন কনক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাবে না বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ