বর্তমানে দেশে পরিবেশ দূষণের জন্য ক্ষমতাসীনরাই দায়ী বলে মন্তব্য করে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, যারাই ক্ষমতায় আসে তারাই নদী-খাল ভরাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত আসন্ন ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট উপলক্ষে পরিবেশ ও বাজেট শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বাজেটে পরিবেশকে গুরুত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহবান করে তিনি বলেন, আপনারা পরিবেশ নিয়ে ভাবুন, রাষ্ট্র নিয়ে ভাবুন, পরিবেশকে বাঁচান, দেশকেও বাঁচান। কারণ ইতিমধ্যে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে।
পরিবেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের আহবান জানিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বাজেট ব্যাবস্থাপনায় নতুন দৃষ্টি ভঙ্গির প্রয়োগ করতে হবে। আমাদের দেশসহ পৃথিবীতে পরিবেশের উপর বিপর্যয় শুরু হয়েছে। আমাদের পরিবেশ খাতকে আরও গুরুত্ব দিতে হবে।
তিনি বিলেন, নতুন প্রজন্ম যাতে পরিবেশের কারণে কোন সমস্যার সম্মুখীন না হয়্। আর এ জন্য পরিবেশ মন্ত্রণালয়কেই উদ্যোগ গ্রহণ করতে হবে।
গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, কবি লিলি হক প্রমুখ।
এমএ/এমকে





