মৌলভীবাজারে সন্দেহভাজন দুই জঙ্গি আস্তানার মধ্যে একটির কাছ থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। বাড়ির আশপাশ থেকে স্থানীয় লোকদের নিরাপদ দূরত্বে থাকতে মাইকিং চলছে।

সন্দেহজনক এই জঙ্গি আস্তানা মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায় অবস্থিত। গতকাল (মঙ্গলবার) রাত থেকে কথিত এই জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রায় একই সময় থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত সন্দেহজনক আরেকটি জঙ্গি আস্তানাও ঘিরে রাখা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল আজ (বুধবার) সকালে বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

সূত্র জানায়, এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটো বাড়িই ভাড়া দেয়া। কোনোটিতে মালিকপক্ষের কেউ থাকেন না।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফজরের নামাজ আদায় করতে ভোররাতে ঘুম থেকে উঠলে তারা গুলির শব্দ শুনতে পান। তখন থেকেই থেমে থেমে বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেছেন, নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে।

দুপুর পৌনে ১২টার দিকে নাসিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাইকিং করতে দেখা যায়। সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হচ্ছে।

ঘটনাস্থলে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা এসেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ভীতি কাজ করছে।

পুলিশের একটি সূত্র জানায়, সন্দেহজনক দুটি জঙ্গি আস্তানা ঘিরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে।

কেবি