চলমান শুদ্ধি অভিযান সারাদেশে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ নির্মূলে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে অল্পদিনের মধ্যেই গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ঘোষণা করতে চাই।

আজ রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তা ভাই ভাই কমপ্লেক্সে পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালনাধীন ‘কমিউনিটি ব্যাংকের’ প্রধান অতিথি হিসেবে উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী আরও বলেন, বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক গঠিত হলেও পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণ এর সুবিধা ভোগ করতে পারবেন। কমিউনিটি ব্যাংক এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারকে মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করতে নির্দেশ প্রদান করেন।

এর আগে ফিতা ও কেক কেটে ব্যাংকের শাখা অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস