গরু চুরির মিথ্যা অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের বাইশপুকুর কোলনঝাড় গ্রামে গাছে বেঁধে নির্যাতনের শিকার ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শেফালী বেগমের সদ্য ভূমিষ্ঠ কন্যা সস্তানটি মারা গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শেফালীকে নির্যাতনের কারনে তার শরীরের আঘাত গর্ভে থাকা ৭ মাসের সন্তানের উপর প্রভাব ফেলে। এ সময় পেটে থাকা অনাগত সন্তানটিও আঘাতপ্রাপ্ত হয়। ফলে নির্দিষ্ট সময়ের আগেই গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেফালী প্রসব করেন ৯০০ গ্রাম ওজনের কন্যা সন্তান।
শুরুতেই অপুষ্ট নবজাতকের অবস্থা সংকটজনক ছিল বলে জানান চিকিৎসকরা। হাসপাতালের গাইনি ওয়ার্ডের কর্তব্যরত নার্স লাভলী বেগম নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জন্মের পর গাইনোকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসি সুলতানা জানান, সময়ের ৯ সপ্তাহ আগে ৯০০ গ্রাম ওজন নিয়ে শিশুটির জন্ম হয়। কিন্তু কন্যা নবজাতকের অবস্থা ছিল শংকটাপন্ন। জন্মের পর থেকে নবজাতক কন্যাটিকে নিবিড় পরিচর্চা কেন্দ্রে রাখা হয়েছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবজাতকটিকে আর বাঁচানো যায়নি।
এমএনজে





