সাভারের লালটেক এলাকায় রফিকুল ইসলাম সেন্টু নামে একজনকে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার বিকেলে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নয়ন কসাই, বাদশা, জামাল হোসেন, ইসলাম হোসেন ওরফে আসলাম ও রকিব হোসেন রকি।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। এদের মধ্যে নয়ন ও আদনান পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহত সেন্টুর স্ত্রী সেলিনা আফরোজকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেন বিচারক।
রায় ঘোষণাকালে কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। মামলায় চার্জশিটভূক্ত ২০ সাক্ষির মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহন করেছে ট্রাইব্যুনাল।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৫ জুলাই রাতে বাজার থেকে বাসায় ফেরার পথে সেন্টুকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের পিতা নূরুল ইসলাম বাদী হয়ে সাভার থানায় সেন্টুর স্ত্রী সেলিনা আফরোজ ও আসলামকে সন্দেহ করে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা তদন্তের পর সাভার থানার এসআই মো. শফিকুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার এসআই তৌহিদুল ইসলাম ২০১৩ সালের ১৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০১৪ সালের ২০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদের মধ্যে আসামি রকিব আদালতে দোষ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এমএম





