সিলেট নগরীর হোটেল অনুরাগের এমডি ও শিল্পপতি চাঞ্চল্যকর আতিকুর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে আতিকের বন্ধু শফিককে ফাঁসি ও অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শফিকুর রহমান শফিক (৩২) ঢাকার হাজারীবাগ ২৮,গণকটুলি লেনের হাজী রহমত উল্লাহর ছেলে ।
যাবজ্জীবন কারাদদণ্ড প্রাপ্তরা হলেন- ঢাকার ললিত মোহন দাস লেনের মৃত আজমল হোসেনের ছেলে সুমন প্রকাশ ওরফে মামা সুমন (৩০) ও একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে খোকন (৩০)। একইসঙ্গে এই তিনজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বাদি পক্ষের আইনজীবী ও জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, ২০১০ সালের ২৯ নভেম্বর নগরীর ধোপাদিঘীর পাড়ের হোটেল অনুরাগের এমডি আতিকুর রহমানকে হোটেল কক্ষের ভেতর বেলা ৩টার দিকে শফিক, সুমন, খোকন হত্যা করে। এ ঘটনায় আতিকের বাবা হোটেলের চেয়ারম্যান মো. খুরশেদ আলী পরদিন সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ২০১১ সালের ১৮ জুন ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
শামসুল ইসলাম আরো জানান- দীর্ঘদিন মামলাটি জেলা দায়রা জজ আদালতে চলার পর মহানগর দায়রা জজ আদালতে মামলাটি হস্তান্তর হয়।
মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান- আদালতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শফিককে ফাঁসি আর খোকন ও সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শফিক ও খোকন পলাতক রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মফুর আলী,এডিশনাল পিপি শামসুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মওদুদ কয়সর, মাহফুজুর রহমান, মশরুর চৌধুরী শওকত ও ড. ফৌজিয়া সুলতানা।
জেআই





