রাজধানীর কদমতলী এলাকায় শাহীদা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে মারপিট করে তিন লাখ টাকা লুটে নিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসীরা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
শাহীদা বেগম ওই এলাকার মৃত সবুর সরদারের স্ত্রী। তিনি কদমতলী পূর্ব জুরাইন এলাকায় ১২৭ নম্বর বাসায় বসবাস করেন।
তার ছেলে জাফর ইকবাল জানান, সন্ধ্যায় বাড়িতে মা একা আছেন জানতে পেরে স্থানীয় সন্ত্রাসী ফালানসহ ১০ থেকে ১৫ জন বাড়িতে ঢুকে মাকে মারপিট করে, পরে আলমারি থেকে তিন লাখ টাকা নিয়ে যায়।
জাফর আরও বলেন, আহত অবস্থায় মা আমাকে খবর দিলে বাড়িতে আসি। এসে দেখি মা’র অবস্থা খুবই গুরুতর। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।
কিছু দিন আগে আমরা জমি বিক্রি করেছিলাম। জমি বিক্রির তিন লাখ টাকা বাড়িতে আছে জেনেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলেও জানান জাফর।
কদমতলী থানার ওসি আব্দুস সালাম জানান, আমাদের কাছে এখনও এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ





