ঈদে বাড়ি ফেরার পথে রাজশাহীতে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ফারদিন আশারিয়া রাব্বি। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে।
আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজশাহী নগরীর হেতমখা ও বর্ণালী মোড়ের মাঝামাঝি রাস্তা থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের সময় মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখতে পায় পুলিশ।
মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।
রাব্বীর সহপাঠীরা জানান, ভোরে ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় বোনের সঙ্গে কথা হয়েছিল তার। বোনের সঙ্গে কথা বলার পর পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক করা হয়নি। তবে অভিযান চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রাব্বির বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর গ্রামে। তিনি নগরীর হেতমখা এলাকার একটি ছাত্রবাসে থাকতেন।
ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে মঙ্গলবার ভোরে তিনি ছাত্রাবাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। পথে তাঁকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় হত্যাকারীরা।
ঘটনাস্থলে তার ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়ে ছিল। এ থেকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র জানান, মৃতদেহের পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ রাব্বির বিস্তারিত পরিচয় জানতে পারে।
বাড়ি যাওয়ার উদ্দেশে ভোরে ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় তাঁর বোনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন রাব্বি।
এএস





