জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে আজ বুধবার সকালে আট বছর বয়সের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শহিদ মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ছয়টার দিকে শিশুটির মা-বাবা বাড়ি থেকে কাজে বের হয়ে যান। এ সময় শিশুটি ঘরে একা ঘুমিয়ে ছিল। তখন শহিদ মিয়া ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে শহিদ পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ওই উপজেলার হাজরাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে শহিদকে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শহিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। মামলায় শহিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমই