বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় স্থানীয় ২ টি গ্রুপ। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে তদন্তে গেলে উভয় গ্রুপ একত্র হয়ে পুলিশের ওপর হামলা করে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে থানার জানালী হাট রেলস্টেশন এলাকায় ইমরান ও করিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে সংঘর্ষে জড়াতে বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে উভয় গ্রুপ মিলে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর আহাম্মদসহ ৪-৫ জন সদস্য আহত হন। ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে ১৫ জনকে গ্রেফতার করে।
গতকাল ১১ জুলাই (রোববার) রাত ৮টার দিকে থানার জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া কবির টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল আলম (২৭), মো. সুমন ওরফে আনিস (২৭), মো. মুছা ওরফে ইয়াবা মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), মো. আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), মো. ফারুক (৪১), মো. রায়হান (২০), মো. বাদশা (৩২), মো. বশির (৫৩), মো. ইমন (১৯) ও মো. লিমন (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাত ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘রোববার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।’
এইচএন





