ধানের শীষে ভোট দেয়ায় দুই সন্তানের জননী শার্শার এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দিবাগত গভীররাতে যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার গৃহবধূ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হন। ধর্ষকরা একই এলাকার (৬ নম্বর ওয়ার্ড) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগনেতা শামসুজ্জামান বুলুর লোকজন বলে জানা গেছে।
গৃহবধূ জানান, ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তার স্বামী ও তিনি চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী সরোয়ার হোসেনের ধানের শীষের পক্ষে কাজ করেন ও ভোট দেন। এ কারণে নির্বাচনের দিনই তাদের উপর হামলার চেষ্টা করা হয়। তারা সেইদিন থেকেই বাড়িছাড়া ছিলেন।
রোববার সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। রাতে তাদের বাড়িতে চড়াও হয় মেম্বর শামসুজ্জামান বুলুর সাগরেদ সেকেন্দার, সবুজ, জাহাঙ্গীর, কাইছেদসহ ৭ থেকে ৮জন।
তিনি জানান, দুর্বৃত্তরা তার স্বামীকে মারধর করে হটিয়ে দিয়ে রাত দুইটার দিকে বাড়ির পাশে একটি পাটক্ষেতে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বলেন, ভিকটিম দাবি করেছেন তিনি গ্যাং রেপের শিকার।
কিন্তু পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই বলা যাচ্ছে না যে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন কি না। তবে তিনি ধর্ষণের শিকার যে হয়েছেন তা নিশ্চিত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাটি তিনি এই প্রথম শুনলেন। কেউ তাকে বিষয়টি অবহিত করেনি। তিনি এখনই খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।
এমবি





