কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার পাকুন্দিয়া-ঢাকা সড়কের বরাটিয়া নামক স্থানে বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাছ ব্যবসায়ী স্বপন (৫৫), আহম্মদ আলী (৩৫) ও মিয়া হোসেন (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কটিয়াদি থেকে ঢাকাগামী জলসিড়ি পরিবহন নামক একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১০ যাত্রী।

গুরুতর আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির রাব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। একজনের পরিচয এখনও পাওয়া যায়নি। পরে মৃতদেহ ৩টি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর