সিলেটে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে মো: আরিফুল ইসলাম রাহাত নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রাহাত দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের প্রবাসী সুরমান আলীর ছেলে এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, দুপুরে দক্ষিণ সুরমা কলেজের অভ্যন্তরে কথা কাটাকাটির জেরে একই কলেজের সাবেক এক শিক্ষার্থী রাহাতের পায়ে ছুরিকাঘাত করে। কলেজে উপস্থিত অন্যরা দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সাবেক এক শিক্ষার্থী তাকে ছুরিকাঘাত করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমবি