সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িতদের কাছ থেকে কর আদায়ে কঠোর না হওয়ার আহ্বান জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মঙ্গলবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের কক্ষে এক বৈঠকে নোয়াব নেতারা এ আহ্বান জানান।

এ বৈঠকে নোয়াব নেতারা বলেন, সংবাদপত্রগুলো নানা সীমাবদ্ধতার কারণে ক্ষেত্রবিশেষে আয়কর রিটার্নের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে না। কারণ বছরজুড়ে বিজ্ঞাপন বিল-ভাউচারসহ অন্যান্য কাগজপত্র অনেক ক্ষেত্রে যথাযথ সময়ে সংরক্ষণ করা সম্ভব হয় না। আবার সংরক্ষণ করলেও কিছু ক্ষেত্রে বিল-ভাউচার নষ্ট বা হারিয়ে যায়।

এ জন্য আয়কর রিটার্নে সব কাগজপত্র সরবরাহ করা সম্ভব হয় না। তাই এনবিআর কঠোর না হয়ে সংবাদপত্রগুলো যে রিটার্ন দাখিল করবে তাকেই চূড়ান্ত বলে ধরে নেওয়ার আহ্বান জানান নোয়াব নেতারা। নোয়াবের পক্ষ থেকে অডিটের নামে হয়রানি না করারও আহ্বান জানানো হয়। এ সময়ে নোয়াব নেতাদের আশ্বস্ত করে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে রাজস্ব আদায়ের সাময়িক অবস্থা নিয়ে অপপ্রচারে নেমেছে।

তাই অপপ্রচারে দৃষ্টি না দিতে নোয়াব নেতাদের আহ্বান জানান। একইসঙ্গে রাজস্ব আদায়ে গঠনমূলক ভুমিকা রাখতে সংবাদপত্রগুলোর প্রতিও অনুরোধ করেন তিনি।

বৈঠকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সমকালের প্রকাশক একে আজাদ ও নোয়াবের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক উপস্থিত ছিলেন। 

এমএ