প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। তবে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে বোর্ডকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জামিন আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে মিজানুরের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের ওপর আজ শুনানি গ্রহণ করেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। আদালত ফের শুনানির জন্য ১ এপ্রিল তারিখ ধার্য করেছেন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যানে করে মিজানকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। হাঁটতে না পারায় পুলিশের সহযোগিতায় তাকে সরাসরি এজলাসে নিয়ে যাওয়া হয়। আজ আদালত কক্ষে পুলিশ, আসামি ও আইনজীবী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ উঠেছে গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন পাঠানো হয় কারাগারে। এরপর ২২ মার্চ রবিবার পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে মিজানের উপস্থিতিতে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তার চিকিৎসার আবেদন করা হলে আদালত পটুয়াখালী জেল সুপারকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার আদেশ দেন।

জেআই