রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে স্প্যানিশ রেস্তোরা হলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ সন্ত্রাসীদের গুলিতে নয়, বোমার স্প্রিন্টারের আঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
সোহেল মাহমুদ জানান, সহকারী কমিশনার রবিউল ইসলামের শরীরে দুটি স্প্রিন্টার আঘাত করে এর মধ্যে একটি বুকের ডান পাশে ঢুকে ফুসফুস ছিদ্র হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। আর ওসি সালাউদ্দিনের গলায় একটি স্প্রিন্টার ঢুকে গলার করোটিক নালী ছিড়ে যায়। ফলে তিনিও অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
শনিবার ময়নাতদন্ত শেষে তিনি এসব কথা জানান। ময়নাতদন্ত শেষে দুপুর দুইটার দিকে লাশ এ্যামবুলেন্সে করে রাজারবাগ নিয়ে যাওয়া হয়। এদিকে তাদের নামাজে জানাযা রাজারবাগ পুলিশ লাইনে বাদ আসর অনুষ্ঠিত হয়।
এমআইএস





