চট্টগ্রামের মীরসরাই দুর্গাপুর বাজারের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জরুরী অবতরণ করে। তবে হেলিকপ্টারের তিন ক্রু অক্ষত আছেন বলে জানান সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন সিকদার। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এএসপি সালাউদ্দিন শিকদার জানান, হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। মীরসরাই দুর্গাপুর বাজারের কাছে একটি খোলা জায়গায় যান্ত্রিক ক্রুটিযুক্ত হেলিকপ্টারটি জরুরী অবতরণ করে। তবে হেলিকপ্টারে থাকা একজন ক্যাপ্টেন, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার সকলেই সুস্থ আছেন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় হেলিকপ্টারটি জরুরী অবতরণ করে। ত্রুটি সারানোর জন্য বিমানবাহিনীর আরেকটি হেলিকপ্টার ইঞ্জিনিয়ার ও ক্রুসহ ঘটনাস্থলে আসে। ত্রুটি সারানোর পর সন্ধ্যা ৭টার দিকে হেলিকপ্টারটি উড়ে যায়।
এএইচ





