সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে ওই গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান, দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ি, শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে।

শুক্রবার (০৬ মে) ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাকলা গ্রামের রাজ্জাক মিস্ত্রির বাড়ি সংলগ্ন এলাকায় নদের প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ বিলীন হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রসুলসহ স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। রাতে হঠাৎ করেই বাঁধের ওই অংশ নদীগর্ভে ধসে পড়ে। এতে চাকলা দাখিল মাদ্রাসাসহ দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ি, শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে যায়।

তারা জানান, এখন ভাটা চলছে। সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার প্রায় তিন শতাধিক মানুষ বাঁশ ও মাটি দিয়ে বেঁড়িবাধ সংস্কারের কাজ শুরু করেছেন।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা হলেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।

তিনি জানান, স্থানীয় জনগণকে নিয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছেন। ভাটা থাকতে বাঁধ স্কার করতে না পারলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

এমই