গত কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩০ পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।

অতি বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর উজান থেকে নেমে আসা পানির ঢলে ঘাঘট, তিস্তা, ব্রহ্মপুত্রসহ নদ-নদীগুলোর পানি বেড়ে যাওয়া সেখানকার চরাঞ্চল ডুবে যাচ্ছে। সেসব চরে বসবাসকারী মানুষের দুর্ভোগ বাড়ছে। আশ্রয় কেন্দ্রসহ দু’তীরে বেড়িবাঁধে আশ্রয়স্থল খুঁজছেন বন্যা কবলিত মানুষরা।

এদিকে কাপাসিয়া শ্রীপুর ইউনিয়নের পোড়ার চর নামক স্থানে নদী ভাঙ্গন দেখা দেয়ায় এ পর্যন্ত ৩০ পরিবারের ঘর-বাড়ি ব্রহ্মপুত্র নদীর গর্ভে বিলীন হয়েছে।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম ও আব্দুল হামিদ সরকার বলেছেন, গত কয়েক দিন ধরে উক্ত চর ভেঙে যাচ্ছে। এতে খইম উদ্দিন, রফিকুল, জালাল, তাজুল, সাদা, মেহেরবানু, মফিজ উদ্দিন, সাধা ও তোফাজ্জলসহ ৩০ পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়া ভাঙ্গন কবলে পড়ছে আরও কয়েক শ' পরিবার। পরিবারগুলোর মাঝে কোন ত্রাণ সামগ্রী না পৌঁছায় গৃহপালিত পশু-পাখি, শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম বিপদের মধ্যে আছেন তারা।

জেডআই