বিডিআর বিদ্রোহ, হিলট্রাক্স সমস্যা নিয়ে যদি আলোচনা হতে পারে তাহলে দেশের এমন পরিস্থিতি নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং নাগরিক সমাজের প্রতিনিধি এম হাফিজ উদ্দিন খান।
যমুনা টেলিভিশনের ২৪ ঘণ্টা নামক টক শোতে 'সংলাপ কত দূর' বিষয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এখন দেশে সন্ত্রাস বেড়েই চলছে। লেখাপড়া, ব্যবসাসহ সকল ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় এনে সংলাপের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে।
হাফিজ উদ্দিন বলেন, চিঠির বিষয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। আগামীকাল (শুক্রবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে এর বিস্তারিত তুলে ধরা হবে।
আলোচনায় কলামিস্ট, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম বলেন, সন্ত্রাস এবং জ্বালাও-পোড়াও নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রথমত এসব কর্মকাণ্ড আন্দোলনকারীদের মনে হলেও এখন ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে।
গণমাধ্যমের দেয়া প্রতিবেদন অনুযায়ী, ৬০ শতাংশ বিএনপি এবং ৪০ শতাংশ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এসব সন্ত্রাসী কাজ করছে। থানার ওসিরাই আওয়ামী লীগ কর্মীদের ধরার সত্যতা নিশ্চিত করছেন। এরা সরকারি দলের লোক হিসেবে মুক্তি পাচ্ছে বলে অভিযোগও উঠছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশীদের ভাবনার বিষয়ে তিনি বলেন, এখন মানবতা বিপন্ন। সাধারণ মানুষ মারা যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা এবং কূটনীতিকরা এসব বন্ধ করার কথাই বলছেন। তাদের কথায় আপামর জনসাধারণের কথাই উঠে আসছে।
কেএইচ





