গ্রামপুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে গ্রামপুলিশ ইউনিয়নের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৬৪ জেলায় সাড়ে চার হাজার ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশরা মানবেতর জীবনযাপন করছেন।

তাদের কাজের কোনো সীমা-পরিসীমা নেই। প্রায় ৭০ ধরণের কাজ করতে হয় গ্রাম পুলিশদের। কিন্তু বেতন খুবই সীমিত।

হাড়ভাঙ্গা পরিরশ্রম করে সংসারে যদি স্বচ্চলতা না থাকে, তাহলে কী লাভ ওই পরিশ্রম করে বলে প্রশ্ন রাখেন বক্তরা।

বক্তারা জানান, সরকারের সর্বশেষ সিদ্ধান্তে গ্রাম পুলিশের বেতন হবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার। কিন্তু একটি পরিবার পরিচালনা করতে এই পরিমাণই চালই তো দরকার হয়।

তাহলে সংসারের অন্যান্য খরচ কীভাবে একজন গ্রাম পুলিশ মেটাবে। তাই আমরা দাবি জানাচ্ছি, দ্রুত আমাদের বেতন ভাতা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত করা হউক।

মানববন্ধনে উপস্থিত গ্রাম পুলিশরা যেসব দাবি তুলে ধরেন তার মধ্য অন্যতম হলো গ্রাম পুলিশদের বেতন স্কেল জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত করা; গ্রাম পুলিশ বাহিনীর জন্য রেশনের ব্যবস্থা; বৃদ্ধ অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের অবসর ভাতা; অন্যান্য বাহিনীর মতো গ্রাম পুলিশ বাহিনীর হেডকোয়াটার স্থাপন।

মানবব্ধনে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা মেজবাহ উদ্দীন আহমেদ, শাজাহান কবির জহির, নইমুল আহসান জুয়েল প্রমুখ।

এমএ/এসএইচ