কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচটি হাতবোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলেন-বাবলু মন্ডল (৫০) ও মো. হিসাবতুল্লাহ (৩৮)।

এর মধ্যে বাবলু মেহেরপুরের গাংনী উপজেলার গাজীপুর হাজিপাড়ার মৃত বক্স মন্ডলের ছেলে ও হিসাবতুল্লাহ গাংনী উপজেলার ইন্দাবাগানপাড়ার মৃত ফয়েম উদ্দিনের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাতে দৌলতপুর ও পার্শ্ববর্তী গাংনী উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম তেকালা মধ্যপাড়ায় পুলিশ অভিযানে যায়।

ওই সময় কয়েকজন দুর্বৃত্ত একটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া করে একটি ব্যাগে থাকা হাতবোমাসহ দুই দুর্বৃত্তকে আটক করে। ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত বাবলু ও হিসাবতুল্লাহর বিরুদ্ধে গাংনী থাকায় বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা আছে। আটকের পর ওই দুজনের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

জেড