কোথাও কোনো কোলাহল নেই। নেই কোনো যানজট। নেই কোনো শব্দ দূষণ। শহরের অলিতে-গলিতে যেন বিরাজ করছে দারুণ এক নিস্তব্ধতা। মনে হয়েছে প্রত্যেকে নিজ নিজ কাজে ব্যস্ত। রাস্তায় কোন ট্রাফিকও সেভাবে চোখে পড়েনি।

মঙ্গলবার ঈদের দিনে এমনই চিত্র দেখা গেছে ব্যস্ততম শহর ঢাকার। ঈদ-উল আজহা ছুটি উপলক্ষে গত এক সপ্তাহ ধরে অপনজনদের সাথে ঈদ করতে রাজধানী ছেড়েছে ঘরমুখো মানুষ।

ঈদের দিন সকাল থেকে কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হওয়ায় অনেকেই ইচ্ছা শর্তেও ঘর থেকে বের হতে পারছেন না। এতে কিছুটা হলেও ভাটা পড়েছে ঈদের আনন্দে। এতে করে প্রায় দেড় কোটি মানুষের বসবাসের নগরী অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ঢাকার অচেনা এক চিত্র। নগরীর ব্যস্ততম সড়কগুলো এখন ফাঁকা পড়ে রয়েছে। হাতেগোনা অল্প কিছু যান চলাচল করলেও খুব একটা দেখা মেলেনি মানুষজনের। অথচ যে শহরে মানুষ গায়ের সঙ্গে গা লাগিয়ে হেঁটে থাকেন, সে শহর এখন অনেকটাই মানবশূন্য। এর মধ্যেও যারা একটু ঘর থেকে বের হতেন, তারাও এখন টানা বর্ষণের কারণে গৃহবন্দি হয়ে আছেন।

হাতে গোনা কয়েকজন যারা বের হয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন ফাঁকা শহর পেয়ে তাদের ভালোই লাগছে। নেই কোনো যানজট, নেই কোনো কোলাহল। তবে বৃষ্টির কারণে ঘুরাঘুরি করেতে কিছুটা সমস্যা হচ্ছে বলেও তারা জানান।

ধানমন্ডি-১৫ নাম্বার এলাকার বাসিন্দা মো. নীরব বলেন, বাবা-মার কাছে আগের ঢাকার যেমন চিত্র শুনেছি এখন তেমনই লাগছে। রাস্তার চারপাশ দেখলে মনে হয়ে যেন এই অন্য এক শহরে এসেছি। কারণ কয়েক দিন আগে ছিল যানজট আর মানুষের কোলাহল। তবে এই সময়টা আমাদের একটু আরামে কাটে। রাস্তা-ঘাটসহ সবকিছু একটু ফাঁকা থাকে। ছেলে-মেয়েদের নিয়ে একটু আরামে চলাফেরা করতে পারি।

মিরপুরের মুদি দোকানি সাফায়ত হোসেন বলেন, লোকজন সবাই বড়ি চলে গেছেন। তাই কাস্টমরও আগের তুলনায় অনেক কম। তবে ফাঁকা রাজধানী খারাপ লাগছে না। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। মানুষ জনের তেমন হৈ-হল্লা নেই।

বাস ও রিকশা চালকের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটির আগে যেই স্থানে যেতে লাগত ২ ঘণ্টা এখন রাস্তা ফাঁকা হওয়ায় ১৫-২৫ মিনিটের মধ্যে চলে যাচ্ছেন। তবে লোকজন না থাকায় টাকা কম উপার্জন হচ্ছে বলেও তারা জানান।

গুলিস্তান থেকে আবদুল্লাপুরগামী এক বাস চালক বলেন, রাস্তা ফাঁকা কোনো মানুষ নাই। আগে প্রেসক্লাব থেকে বনানী আসতে সময় লাগত প্রায় ২ ঘণ্টা এখন এসেছি মাত্র ২০ মিনিটে। ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে কিন্তু মানুষ না থাকায় ইনকাম নাই। তাই আমদের কাছে আগের ঢাকাই ভালো লাগে।

এম এ