বরিশাল পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেল-জরিমানা করা হয়।

সোমবার দুপুরে নগরীর নতুল্লাবাদ এলাকায় পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা সুলতানা।

পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী নাহিদ হোসেন, আরিফুল ইসলাম, ফটোকপির দোকানি সোহেল ও রুবেলকে আটক করা হয়। পরে নাহিদ হোসেন ও আরিফুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ফটোকপির দোকানি সোহেল ও রুবেলকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে কাশিপুরের আবুল কালামকে ৩ হাজার টাকা ও গড়িয়ারপারের আইয়ুব হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কেএইচ