‘জিয়াখোর’ কবি জীবনানন্দ দাশের রুপসী বাঙলার অন্য গ্রামগুলোর মতই একটি গ্রাম । শুধু মাদক ব্যবসায়ীদের কারণে এই গ্রামটি পরিচিতি পেয়েছে ‘ডাইল পট্টি’ হিসেবে । পুষ্টি জাতীয় কোন ডাল নয় । এটা মরণ নেশা ফেন্সিডাইল । মানব দেহের ক্ষতিকার এই মাদক দ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি হয় এই গ্রামে । গ্রামের বেশীর ভাগ মানুষ কৃষিজীবি । মাত্র চার-পাঁচ জন এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত। তবে এর মধ্যে দু’জন কারাগারে বন্দি রয়েছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে এই গ্রামটি অবস্থিত । গ্রামটি কে ঘিরে দুও রাণী-সুও রাণী নামে দুটি পুকুর রয়েছে । আর রয়েছে স্কুল-কলেজ, মসজিদ-ধর্মশালা । হিন্দু-মসলিমও সমানতালে রয়েছে এ গ্রামে । তবে গ্রামবাসিদের অভিযোগ, মাদকসন্ত্রাসী ও পুলিশের হয়রাণীর ভয়ে তারা ভাল নেই । সম্মানীহানী ও পুলিশের ভয়ে এ গ্রামে আত্মীয়-স্বজনও আসে না। বিয়ের বয়স পেরিয়ে যাচেছ । কিন্তু বিয়ে হচেছ না অনেক মেয়ের । ছেলেদেরও ভাল সমন্ধ আসছে না ।

রফিজুল ইসলাম নামে এক ব্যাক্তি দু:খ করে বলেন, গ্রামের এই অপবাদের কারণে বিয়ের উপযুক্ত বয়সী তার মেয়ের বিয়ে দিতে পারছেন না। একই সুরে বলেন, হারুন উর রশিদ । তিনি জানান তার বোনেরও একই কারণে বিয়ে দিতে ভীষণ বেগ পেতে হচেছ ।

ঠাকুরগাঁও সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র মনসুর আলি বলেন, দু-একজন খারাপ মানুষের জন্য নিজ গ্রামের পরিচয় দিতে ঘৃন্না ও লজ্জা হয় তার।

বীণা রাণীর আক্ষেপ ওই গ্রামে এসে পুলিশ নিজেই ফেন্সিডিল খায় । তাহলে কি ভাবে এসব বন্ধ হবে । এ সময় কুশলডাঙ্গী গ্রামের মো. সুমন অভিযোগ করে বলেন,  ‘মানি’(টাকা)পেলে পুলিশ তা হাতিয়ে নিয়ে চলে যায় । আর নিরপরাধীদের নানা ভাবে হয়রানি করে  ।

৫৫বছর বয়সী কৃষক সলেমান আলী জানান, তিনি সাত দিন আগে বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন ওই সময় তাকে পুলিশ অযথা হয়রানি করে । তিনি বলেন তার পকেটে কিছু ঢুকিয়ে দিয়ে টাকা নেয়ার ফঁন্দি আটছিল পুলিশ । ছেলের পরিচয় দিয়ে রক্ষা পান তিনি । স্থানীয়দের অভিযোগ প্রকৃতদোষীদের আড়াল করে নিরিহ মানুষকে হয়রানি করা হচেছ । তাদের দাবি দোষীদের শাস্তি হোক এবং গ্রামটি হোক কলংকমুক্ত(মাদকমুক্ত) ।

একই দাবি করে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আইন শৃংখলা বাহিনীর অসৎ কর্মকান্ডের কারণে মাদক ব্যবসায়ীরা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকছে ।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, তিনি গ্রামবাসিদের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখবেন ।

পারভেজ/জারিফ