সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক খাদে পড়ে শামছুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দুবলার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুল ইসলাম একই ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।

জানা গেছে, বালু ব্যবসায়ী শামছুল ট্রাকে বালু নিয়ে ঘাটিনা এলাকা থেকে মাটিকোড়ায় আসছিলেন। পথে দুবলার বিল এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা শামছুল ঘটনাস্থলেই মারা যান।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দিয়ানাতুল হক দিনার জানান, খাদে পানি রয়েছে। ট্রাকের নিচে পানিতে আর কেউ আটকা পড়েছেন কিনা খুঁজে দেখা হচ্ছে।