রাজধানীর হাজারীবাগ থানার বছিলা মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ককটেল প্রস্তুত করার অভিযোগে কালু মিয়া(২৮) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ এর একটি দল। এসময় ৯টি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক রায়হান উদ্দিন খান। তিনি টাইমনিউজবিডি’কে জানান, অবৈধ বিস্ফোরকদ্রব্য প্রতিরোধে র্যাব-২ এর একটি বিশেষ দল গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি দল সোমবার দিবাগত রাত পৌনে বারোটায় গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহানগরীর হাজারীবাগ থানাধীন ৪৬ নং (পুরাতন) ৩৩ (নতুন) ওয়ার্ডের রোড নং ০৩ বাড়ীতে অভিযান পরিচালনা করে।
৬৩/২ বছিলা মেট্রো হাউজিং লিমিটেড এর সামনে নির্মানাধীন নতুন বিল্ডিংয়ের উত্তর পশ্চিম হতে ৯টি শক্তিশালী ককটেলসহ প্রস্তুতকারী মো. কালু মিয়া(২৮) কে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত আসামীর জবানবন্দির উল্লেখ করে তিনি জানান, কালু মিয়া অনেকদিন ধরে ককটেল বিক্রি ও প্রস্তুত করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হাজারীবাগ থানার মামলা নং ১৬ তারিখ ১২/০৮/১৪ইং ধারা ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের (সংশোধিত-২০০২) এর ৪(খ) দায়ের করা হয়েছে।
র্যাব-২ এ ধরনের বিস্ফোরকদ্রব্য প্রস্তুতকারী, দুস্কৃতিকারী ও মজুদকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
ঢাকা, জেইউ, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম//এসএইচ





