পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল গ্রামের স্ত্রী দুই সন্তানের জননী সালমা খাতুনকে পেট্টোল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাষণ্ড স্বামী সাহাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদকসেবী স্বামী সাহাবুল রোববার রাত সাড়ে ১১টার সময় বাড়ির পাশে রেললাইনের ধারে ঝোঁপের মধ্যে নিয়ে গিয়ে গামছা দিয়ে হাত বেঁধে গায়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঈশ্বরদী সরকারী হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সোমবার রাত ১০টার দিতে তিনি মারা যান।

পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাতে নিহত সালমার স্বামী সাহাবুলসহ পাঁচজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন শাহাবুলের মা কমেলা বেগম, বড় ভাই আমজাদ হোসেন, মেজো ভাই আজিজ ও সেজো ভাই মজিবর রহমান। সালমার চাচাতো ভাই আলম হোসেন বাদী হয়ে এ মামলায় দায়ের করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, নিহত গৃহবধু সালমা খাতুনের পরিবারের পক্ষ থেকে থানাতে মামলা দায়েরের পর সোমবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ী থেকে সাহাবুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এমআর