ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের চালক ও চেকারকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার ৬ষ্ঠ দিনের মতো ঢাকার সঙ্গে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ধর্মঘটের সমর্থনে খুলনা বিভাগের ১০ জেলায় অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল, শিববাড়ী মোড় ও সাত রাস্তার মোড়ে পরিবহনের বেশির ভাগ কাউন্টার বন্ধ রয়েছে। বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি বা ঢাকা থেকেও কোনো বাস আসেনি। অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

খুলনা মোটর বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের খুলনা অঞ্চলের আহ্বায়ক ও সাবেক এমপি আব্দুল গাফফার বিশ্বাস জানান, গ্রেফতারদের মুক্তি না দেওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে। আজ (রবিবার) যদি গ্রেফতারদের জামিন না দেওয়া হয় তাহলে ধর্মঘটের আওতা আরও বাড়তে পারে।

জেআই