জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শুন্য হওয়া রংপুর-৩ আসনে তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ীআগামী ৫ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ (০১ সেপ্টেম্বর) রোববার ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপ-নির্বাচনের ঘোষিত তফসিল সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ সেপ্টেম্বর।
একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা এরশাদ ৯০ বছর বয়সে ১৪ জুলাই মারা যান। তার মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।
রংপুর-৩ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে বলে ইতোমধ্যে ইসি জানিয়েছে।
এমবি





