যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ার রজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন।

কলাপাড়া থানার এসআই ইদ্রিস আলী জানান, বরিশালের উদ্দেশে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস আল নকিব পরিবহন সকাল সাড়ে ১০টায় কলাপাড়ার রজপাড়ায় এসে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি উদ্ধারের কাজ চলছে। চালক পলাতক রয়েছে। আহতদের বেশিরভাগের বাড়ি কুয়াকাটা বলে জানা গেছে।

এআর