প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা নগরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। হালকা বৃষ্টিতে রাজধানীতে গরমের তীব্রতা কিছুটা হলেও কমেছে। বুধবার সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। তবে দুপুর ১২টার দিকে দেখা মেলে কাঙ্ক্ষিত বৃষ্টির।
গত কয়েকদিনের তীব্র গরমে রাজধানীবাসী যে অস্বস্তিতে পড়েছিল হঠাৎ বৃষ্টিতে স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে নগরবাসী।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।
এছাড়া রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা মৃদু তাপপ্রবাহ রূপে অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অবশিষ্টাংশে অগ্রসর হতে পারে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।
গত ২৪ ঘণ্টার পূর্বভাসে দেখা যায়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
জেআই





