সাভার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী বিরোধের জের‍ ধরে সামসুল হক (৬০) নামে এক ব্যক্তিকে স্থানীয় মেম্বার ও তার সহযোগীরা পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩ জুলাই) সকালে সাভার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে হাকিম মেম্বারের পক্ষে নির্বাচনী প্রচারণা না করায় সামসুল হককে হাকিম মেম্বার ও তার সহযোগীরা মারধর করে গুরুতর জখম করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। তাকে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার পর থেকে হামলার আশঙ্কায় সামসুল হক পলাতক ছিলেন বলেও জানা গেছে।

সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যস্থা নেওয়া হবে।

ওএফ