এবার ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থাসহ যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় উভয় ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
এছাড়া নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে দিন ও রাতের বিভিন্ন সময়ে স্পীডবোট নিয়ে নদী টহল দেবে নৌপুলিশ। সবকিছু মিলিয়ে এবার ঈদে দৌলতদিয়া-পাটুরিয়াঘাট নিরাপত্তার বিশেষ চাদরে ঢাকা থাকবে।
সোমবার সন্ধ্যা ৬টায় দৌলতদিয়া ঘাটের ঈদ প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) এ.এস.এম মাহ্ফুজুল হক নুরুজ্জামান।
তিনি আরও বলেন, ঈদের তিন দিন আগে থেকে পরের তিন দিন পর্যন্ত এই নৌপথে অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অপর সকল ট্রাক পারাপার বন্ধ থাকবে। লঞ্চঘাট, ফেরিঘাট, বাস টার্মিনালসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটেলিয়ান থাকবে। তারা সার্বক্ষণিকভাবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করবেন। যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে নৌরুটে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে। তাই এবার ঈদে মানুষ নির্বিঘ্নে তাদের নিজ গন্তব্যে যেতে পাবেন।
এসময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার মো. রেজাউল হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ ঘোষ, বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট ম্যানেজার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





