সমাজে নারীদেরকে আরও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মহিলা বিষয়ক অধিদপ্তরে “দারিদ্র্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মা’দের জন্য ‘স্বপ্ন প্যাকেজ”কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
প্রতিমন্ত্রী আরও বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নারী সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপজেলা পর্যায়ে মহিলা বিষয়ক কর্মকর্তাদের দক্ষতা ও সম্মান আগের থেকে অনেক বেড়েছে। তাদেরকে দক্ষতার পরিচয় দিয়ে, সততার সাথে আগামী দিনে কাজ করে যেতে হবে।পরিবারেও বাড়াতে হবে নারীর সম্মান। পাশাপাশি সমাজে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গীরও পরিবর্তন আনতে হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ জাহাঙ্গীর হোসেন, ‘স্বপ্ন প্যাকেজ’কর্মসূচীর প্রকল্প পরিচালক পারভীন সুলতানা, স্বপ্ন প্যাকেজ মডেলের উদ্ভাবক ও র্ডপ এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান, উলিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার ও কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে স্বপ্ন প্যাকেজ মডেলের উদ্ভাবক ও র্ডপ এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান বলেন, পাবলিক পূয়র প্রাইভেট পার্টনারশীপের (পিপিপিপি) মাধ্যমে এক মা-এক লাখ টাকা করে বছরে ৫ লাখ মায়ের জন্য, বছরে ৫ হাজার কোটি টাকা করে এক প্রজন্ম ২০ বছর মেয়াদে কমবেশি ১ কোটি মাকে এর আওতায় আনা হলে দেশে স্বাস্থ্য, শিক্ষা, বসত ঘর ও কর্মসংস্থানহীন দরিদ্র কোন পরিবার থাকবে না। দারিদ্র্য বিমোচনে ‘স্বপ্ন প্যাকেজ’মডেল শুধু বাংলাদেশেই নয়, বিশ্বেও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
উল্লেখ্য, পাঁচটি ভিত্তি সম্বলিত সোস্যাল এসিসট্যান্স প্রোগ্রাম ফর নন-এ্যাসেটার্স (স্বপ্ন) প্যাকেজ কর্মসূচী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর দেশের সাতটি বিভাগের ১০টি উপজেলায় বাস্তবায়ন করছে। বেসরকারী সংস্থা র্ডপ এ কাজের সমন্বয় ও সহযোগিতার দায়িত্ব পালন করছে।
এআই





