প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ সোমবার বিকেলে সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে বলেছেন, 'নির্বাচনে দায়িত্ব পালনে কোন শৈথিল্য বরদাস্ত করা হবে না। এসময় তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি জানান, ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে নির্বাচনের মালামাল বিভিন্ন ভোটকেন্দ্রে নেয়া হয়েছে।
তিন সিটি নির্বাচনের বিস্তারিত তথ্য জানিয়ে সিইসি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ১০ জন্য সশস্ত্র সহ ২২ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১২ জন সশস্ত্র সহ ২৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবেন। এছাড়াও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ ও র্যাবের দুটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে।
অপরদিকে ঢাকা, মিরপুর ও পোস্তাগোলা সেনানিবাসে সেনাবাহিনী প্রস্তুত অবস্থায় থাকবে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশ পেলেই তারা নামবে।
সেনাবাহিনীর সাথে থাকার জন্য ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি পর্যবেক্ষক ছাড়াও শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
জেডআই/জেআই





