বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর রংপুর-রাজশাহী অঞ্চলকে ভেঙ্গে নিয়ে নতুন বিদ্যুৎ বিতরণ কোম্পানি গঠন করায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে পাকিস্তানের প্রেতাত্মা মন্তব্য করে অতিবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারি কর্মকর্তা ঐক্য পরিষদ। এছাড়া পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়কেও অবাঞ্চিত ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক প্রতিবাদ সভায় ঐক্য পরিষদের নেতারা এ দাবি জানিয়ে বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু পাকিস্তানি আদর্শে বিশ্বাসিসে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত স্বার্থে পিডিবিকে ভেঙ্গে দেশের ক্ষতি করছেন। পিডিবি ভেঙ্গে যে নতুন কোম্পানি করা হয়েছে তাতে তার আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করার পায়তারা করছেন প্রতিমন্ত্রী। তার এ কু-কর্মে সহযোগিতা করছে পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়া।

নেতারা বলেন, ইতিমধ্যে পিডিবিকে ভেঙ্গে পাঁচ টুকরো করা হয়েছে কিন্তু সরকারের কোন লাভ হয়নি। আমরা এখন দাবি আদায়ের জন্য রংপুর ও রাজশাহীর অফিস বন্ধ করে দিয়েছি। যদি আমাদের দাবি না মেনে নেয়া হয় তাহলে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়া হবে।

নেতারা অভিযোগ করেন, গত সোমবার বিকালে পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়াসহ সব সদস্য এবং কোম্পানি সচিবকে মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়। মন্ত্রণালয়ে একটি বোর্ড মিটিং হয়েছে দেখানো হয়। ওই বোর্ড মিটিংয়ে ভেন্ডর চুক্তির মাধ্যমে নবগঠিত নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে রাজশাহী এবং রংপুর এলাকার পিডিবির সব স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের সিদ্ধান্তে জোর করে সই করানো হয়। তবে বিষয়টি নিয়ে বোর্ডের কেউ কথা বলতে রাজি হননি।

বুধবার থেকে সংস্থার চেয়ারম্যন এবং সদস্যদের অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি। আন্দোলনকারীরা বলছে, জোর করে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে নতুন কোম্পানির নামে সম্পত্তি হস্তান্তর চুক্তির সিদ্ধান্ত কোনোক্রমেই মেনে নেওয়া হবে না।

পিডিবির সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বলেন, এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অন্যায়। আমরা পিডিবির ভাঙন প্রতিরোধ করতে চাই। পিডিবির সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে আন্দোলন করছেন। সরকার পরিস্থিতি অনুধাবন করে সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিউবি কর্মচারি কর্মকর্তা ঐক্য পরিষদের আহবায়ক প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, পিডিবি সিবিএ সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, বিদ্যুৎকেন্দ্র কর্মকর্তা কর্মচারি সমিতির সভাপতি মঞ্জুরুল আলম প্রমুখ।

এফএফ