ব্রাহ্মণাবড়িয়ায় এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু বলেন, সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি আমরা। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি শাহাদাত বলেন, নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তাকে গলা কেটে হত্যার পর জমিতে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আমরা এই হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছি। এনিয়ে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।

এমবি