আগামী ২৬ আগস্ট থেকে বৃহত্তর চট্টগ্রামে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।

 আইন-শৃংখলা বাহিনীর নামে চট্টগ্রামের সল্টগোলা এলাকা থেকে পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং তাকে উদ্ধারের দাবিতে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল। পরে গভীর রাতে প্রশাসনের সঙ্গে বৈঠকে নুরুল ইসলামকে উদ্ধারের আশ্বাস পেয়ে শুক্রবার বিকেল পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন শ্রমিক সংগঠনের নেতারা।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু জানান, প্রশাসন আমাদের শুক্রবার ৪টার মধ্যে শ্রমিক নেতা নুরুল ইসলামকে উদ্ধারের আশ্বাস দিয়েছিল। কিন্তু প্রশাসনের দেওয়া সময়ে নুরুল ইসলাম উদ্ধার না হওয়ায় আগামী ২৬ আগস্ট বৃহত্তর চট্টগ্রামে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। এই সময়ের মধ্যে শ্রমিক নেতা নুরুল ইসলাম উদ্ধার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জেআই