২ হাজার কোটি টাকা অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাদেরকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গত ৭ জুন আটক করা হয়েছিল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে।
বরকত ও রুবেলকে আটকের পর তাদের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সিআইডি কাফরুল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় স্বীকারোক্তিতে নাজমুল হাসান লেভী ও বিল্লাল হোসেন সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বিপিএম জানান, অর্থ পাচার মামলার মূল আসামী বরকত-রুবেলের জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের আটক করা হচ্ছে। এরই অংশ হিসাবে দুপুরে নাজমুল হাসান লেভী ও বিল্লাল হোসেনকে তাদের বাড়ি থেকে আটক করা হয়।

আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এমবি