ফেনীর ফুলগাজীর বসিকপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনিসহ (৩২) দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বশিকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আটক অপর ব্যক্তি একই গ্রামের জাবায়ের পাটোয়ারী। ফুলগাজী থানার ওসি এসএম মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক দু'জনই নিহত সাথীর সাবেক স্বামী শাহাদাত হোসেন রিমনের বন্ধু। রিমনের সঙ্গে তাদের যোগাযোগ থাকায় তাদের আটক করে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশের ধারণা, রিমান্ডের বিষয়ে রোববার আদালত আদেশ দিতে পারেন। বুধবার সন্ধ্যা রাতে ফুলগাজীর জিএমহাটে ফাতেমা সাথীকে (২৬) কুপিয়ে ও তার পাঁচ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।

এর দুই মাস আগে শাহাদাত হোসেন রিমনের সঙ্গে সাথীর বিবাহ বিচ্ছেদ হয়। এ হতাকাণ্ডের জন্য রিমনকে দায়ী করেছেন নিহত সাথীর মা হোসনেয়ারা বেগম ।জানা গেছে, রিমন ফেনীর একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।

রিমন ফেনী কারাগারে আটক থাকলেও তার পরিকল্পনায় ভাড়াটে খুনিরা সাথী ও তার শিশু সন্তানকে হত্যা করে বলে দাবি করেছেন হোসনেয়ারা।
জেড