ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙর করা আছে পাঁচটি ফেরি। ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় ৩০০ যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙর করে রাখতে বাধ্য হয়।

দুর্ঘটনা এড়াতে আজ ভোর সাড়ে ৫টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ঘাট ব্যবস্থাপক।

এমআর