রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোলে বোমা মেরে ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত হাফিজুর রহমান নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

হাফিজুর রহমান ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

এ নিয়ে ওই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির সোমবার সাংবাদিকদের জানান, ‘বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গড়েরমাথা থেকে মিঠাপুকুর উপজেলা শিবিরের সাবেক সভাপতি এবং দৈনিক সংগ্রাম ও রংপুরের স্থানীয় একটি পুরনো দৈনিকের মিঠাপুকুর প্রতিনিধি হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেট আদালতে হাফিজুর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বাসে পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা জানান। পেট্রোল বোমা হামলার সঙ্গে আরো কারা কারা জড়িত ছিল তাদের নামও জানিয়েছেন।

তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করছে না।’গত ১৩ জানুয়ারি রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর নামকস্থানে খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোল হামলা করে। এতে শিশুসহ ৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং আহত হন অনেকে।

এসএইচ