জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জেলা পাসপোর্ট অফিস, উপজেলা এসিল্যান্ড অফিসসহ যেসব দফতরে জনগণ সরাসরি সেবা পেয়ে থাকেন সেই অফিসগুলোকে দালালমুক্ত করা হবে। এ বিষয়ে আমি ডিসিদের নির্দেশ দিয়েছি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম দিনের প্রথম কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, অফিসগুলোকে আমরা পুরোদমে ডিজিটালাইজড করতে পারি, সেই বিষয়ে নির্দেশনা দিয়েছি। জেলা হাসপাতালগুলোকে দালাল ও দুর্নীতি-অনিয়মমুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছি। পাসপোর্ট অফিসে তাদের নজরদারি আরও বাড়াবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নজরদারি বাড়ানো, লেখাপড়ার মান উন্নয়নে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, সে জন্য আমরা নির্দেশ দিয়েছি।
জেলা-উপজেলার সরকারি অফিসে সেবা পাওয়ার ক্ষেত্রে এখনো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, সে ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখতে চেয়েছেন কিনা- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘অবশ্যই অগ্রগতি দেখতে চেয়েছি। আমরা বলেছি যেখানে অনিয়ম তা প্রথমে শনাক্ত করা প্রয়োজন। সে ক্ষেত্রে আমরা জানি কিছু কিছু জায়গা আছে।
যে রকম আছে আমাদের এসি ল্যান্ডের অফিসে, আমি বলেছি- মিউটেশন বা নাম খারিজ করার জন্য বিষয়গুলো আরও দ্রুততার সঙ্গে কীভাবে করতে পারি। সেটা ডিজিটালাইজেশনের ব্যবস্থা আমরা দ্রুত করতে পারি, সে জন্য তারা নজর দেবেন ও বলবেন।’
তিনি বলেন, কোনো কর্মকর্তা দুর্নীতি বা অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে, তাদের তলব করবেন, বলবেন। প্রথমে সংশোধন করার চেষ্টা করবেন। আর যদি না হয় অবশ্যই আমাদের যে বিভাগীয় ব্যবস্থা, আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন।’
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, রাঙামাটি ও খাগড়াছড়িসহ গুরুত্বপূর্ণ জেলায় প্রটোকলের জন্য সরবরাহ করা হবে প্রয়োজনীয় গাড়ি। মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিবারের আর্থিক সুবিধা পরীক্ষা-নিরীক্ষা করে এ সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ফরহাদ হোসেন বলেন, আমরা ডিসিদের অফিসগুলো সুন্দর করে সাজিয়েছি। তাদের লজিস্টিক সাপোর্ট ইতোমধ্যে দিয়েছি, আর কিছু আমরা দিচ্ছি। আরও কিছু দিচ্ছি। উন্নয়ন কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ অনেক বেড়ে গেছে।
এএস





