বান্দরবান শহরে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। আটক করেছে দুজনকে। আজ রোববার সন্ধ্যায় শহরের হিলবার্ট এলাকায় র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে কৌশলে এ অভিযান চালায়। আটককৃতরা হলো, মংসাউ মারমা (২৮) ও পাইনছা সিং মারমা (৪০)।

এদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের আফিমের উন্নত প্রক্রিয়াজাত করা হেরোইন উদ্ধার করা হয়। এগুলো আটককৃতরা বিক্রির উদ্দেশ্যে রোয়াংছড়ি উপজেলা থেকে বান্দরবান শহরে নিয়ে এসেছিল। র‌্যাব সদস্যদের কাছে বিক্রি করতে গিয়েই তারা ধরা পড়ে।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর শামীম সরোয়ার ও এএসপি তারেক আজিজ এই অভিযান পরিচালনা করেন।

মেজর শামীম সরোয়ার জানান, কয়েকদিন আগে থেকেই তারা ক্রেতা সেজে আটককৃতদের কাছ থেকে হেরোইনগুলো কেনার চেষ্টা করছিলেন। আটককৃতদের সাথে ১৫ লাখ টাকায় দরদাম হওয়ার পর তারা রোববার সন্ধ্যায় এগুলো হস্তান্তর করার জন্য বান্দরবান শহরে আসে। এসময় কৌশলে হেরোইনসহ দুজনকে আটক করা হয়।

তবে আটককৃতরা জানিয়েছেন, উদ্ধার করা বস্তুগুলো প্রক্রিয়াজাত করা উন্নত মানের আফিম। রোয়াংছড়ি উপজেলার কচ্ছপ তলি পাড়ার পাড়া প্রধান (কারবারি) উথোয়াই এগুলো বিক্রির জন্য তাদের দিয়েছে।

এএইচ